বিশেষ প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিলে পল্লী বিদ্যুৎ সমিতির দায়িত্বে চরম অবহেলা ও ভুতুড়ে বিল তৈরির অভিযোগ উঠেছে। প্রতি মাসে গড়ে মাত্র ১৮৭ ইউনিট বিদ্যুৎ ব্যবহার করা এক সাধারণ পরিবারকে দেওয়া হয়েছে ১ লাখ ১০ হাজার ৪৯৬ টাকার ভুতুড়ে বিল!
অনুসন্ধানে জানা যায়, বিদ্যুৎ মিটারের মূল গ্রাহক প্রয়াত আবু তাহের। বর্তমানে এটি পরিচালনা করছেন তাঁর নাতি শহীদুল ইসলাম (রনি)। নিয়মিত বিল পরিশোধ করে আসা এই পরিবারের সেপ্টেম্বর মাসের বিলে দেখা যায়, কোনো কারণ ছাড়াই এক লাফে বিদ্যুৎ ব্যবহার দেখানো হয়েছে ৬ হাজার ইউনিট।
ভুক্তভোগী শহীদুল ইসলাম স্তম্ভিত হয়ে বলেন, "বাসায় কেবল কয়েকটি সাধারণ লাইট ও ফ্যান চলে। সেই জায়গায় কীভাবে লাখ টাকার বেশি বিল আসে? বিদ্যুৎ বিল প্রস্তুতকারকদের চরম গাফিলতি ও দায়িত্বহীনতার খেসারত দিতে হচ্ছে আমাদের মতো সাধারণ মানুষকে।"
তিনি আরও অভিযোগ করেন, বিল বিতরণকারী কর্মীর কাছে বিষয়টি নিয়ে জানতে চাইলে তিনি গ্রাহককেই চাটখিল আঞ্চলিক কার্যালয়ে গিয়ে বিল সংশোধন করানোর পরামর্শ দেন। এতে ক্ষোভ প্রকাশ করে শহীদুল বলেন, "কর্মকর্তারা দায়িত্বজ্ঞানহীন ভুল করবেন, আর সাধারণ মানুষ তা ঠিক করতে তাঁদের দরজায় দরজায় ঘুরবে—এটা কেমন বিচার? এ ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি হওয়া প্রয়োজন।"
ঘটনার বিষয়ে নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির চাটখিল আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) জুনায়েদুর রহমানের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি প্রথমে বিলের কপি দেখতে চান। বিলের অনুলিপি পর্যালোচনার পর তিনি ভুতুড়ে বিলের বিষয়টি নিশ্চিত হন এবং অনিচ্ছাকৃত ভুলের জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি আশ্বাস দিয়ে জানান, খুব দ্রুতই বিদ্যুৎ বিভাগের কর্মীরা উক্ত গ্রাহকের বাড়িতে গিয়ে মিটার পরীক্ষা করবেন এবং সংশোধিত বিল পৌঁছে দেওয়া হবে।