মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বসতবাড়ির শয়নকক্ষে গোপন আস্তানায় রাখা বিদেশি মদ ও বিপুল পরিমাণ ভারতীয় বিড়িসহ মোঃ নাইম হক (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫ (সিপিসি-১)।
বুধবার (২১ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে মনাকষা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রাজনগর হাংগামী এলাকায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই সফল অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনাকারী দল জানায়, গ্রেপ্তার নাইমের শয়নকক্ষের খাটের নিচে তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্যান্ডের ৩৭ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৩ লাখ ১ হাজার টাকা। এ ছাড়া ১২ বোতল ‘Kuf Relief’, ৬৬ বোতল ‘WINCEREX’, ৭০০ প্যাকেট (৩৫ বান্ডেল) ভারতীয় পাতার বিড়ি, এক পোটলা খোলা বিড়ি এবং মাদক কারবারে ব্যবহৃত একটি মুঠোফোন জব্দ করা হয়।
এ বিষয়ে এসআরবি কর্তৃপক্ষ জানায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযান চালানো হচ্ছে। গ্রেপ্তার ব্যক্তি ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।