Logo
প্রিন্টের তারিখ: 29 November 2026 | প্রকাশের তারিখ: Nov 29, 2026

সংবাদ শিরোনাম : ট্রাকের ধাক্কায় আহত রাবি শিক্ষার্থী চেসি ত্রিপুরা মারা গেছেন; শোকের ছায়া ক্যাম্পাসে

ট্রাকের ধাক্কায় আহত রাবি শিক্ষার্থী চেসি ত্রিপুরা মারা গেছেন; শোকের ছায়া ক্যাম্পাসে


​রাজশাহী ব্যুরো:

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে রাজধানীর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী চেসি ত্রিপুরা। তিনি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

​বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ১১টার দিকে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসকেরা তাকে আনুষ্ঠানিকভাবে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাবি প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান।

​দুর্ঘটনার বিবরণ:

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত সোমবার (১৯ অক্টোবর) পূজার দাওয়াত শেষে সহপাঠীর সাথে সিএনজিচালিত অটোরিকশায় করে রাজশাহীর বাগমারা থেকে ক্যাম্পাসে ফিরছিলেন চেসি। পথিমধ্যে দুর্গাপুর এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি ট্রাক তাদের অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মাথায় মারাত্মক আঘাত পান চেসি ত্রিপুরা।

​চিকিৎসা ও এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় স্থানান্তর:

দুর্ঘটনার পরপরই তাকে প্রথমে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তীতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়।

​পরবর্তীতে জরুরি উন্নত চিকিৎসার প্রয়োজনীয়তা বিবেচনা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় মঙ্গলবার দুপুর দেড়টায় রামেক হাসপাতালের মাঠ থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন থাকা অবস্থায় বৃহস্পতিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

​চেসি ট্রিপুরের অকাল মৃত্যুতে রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবার ও সহপাঠীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

দৈনিক জাগ্রত সময়
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF