নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাং ও অপরাধী চক্র ‘মুখে ল’ গ্রুপের সক্রিয় সদস্য মো. দিদারকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে মোহাম্মদপুর থানার বোটঘাট এলাকায় পরিচালিত এক বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত দিদার বহুল আলোচিত ‘জাওরা রাব্বি’ ও ‘ভান্ডারি ইমন’ পরিচালিত ‘মুখে ল’ গ্রুপের একজন সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় ডাকাতির প্রস্তুতি ও মারামারিসহ একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের মামলা রয়েছে।
ডিএমপি সূত্রে জানা যায়, দিদার ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা এলাকার ইউসুফ আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মোহাম্মদপুরের কাটাসুরের নামার বাজার এলাকায় বসবাস করে অপরাধমূলক কার্যক্রম চালিয়ে আসছিলেন।
পুলিশ আরও জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এবং তার সহযোগীদের গ্রেপ্তারে এলাকায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।