Logo
প্রিন্টের তারিখ: 29 November 2026 | প্রকাশের তারিখ: Nov 29, 2026

সংবাদ শিরোনাম : চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক: হাসপাতালে চিকিৎসাধীন ১৬৪, মশা নিয়ন্ত্রণের তাগিদ

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক: হাসপাতালে চিকিৎসাধীন ১৬৪, মশা নিয়ন্ত্রণের তাগিদ


​জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ জেলায় ডেঙ্গু পরিস্থিতি থামছেই না। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬০ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে ২৪ অক্টোবর পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৮০ জনে। বর্তমানে জেলার সরকারি হাসপাতালগুলোতে মোট ১৬৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

​শনিবার (২৪ অক্টোবর) সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত দৈনিক প্রতিবেদনে জানা যায়, ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মধ্যে ৪৪ জন পুরুষ ও ১৬ জন নারী। হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীদের বড় অংশই ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন (৫৫ জন)। এছাড়া শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, ভোলাহাটে ২ জন এবং নাচোলে ১ জন ভর্তি হয়েছেন। তবে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই সময়ে নতুন কোনো ডেঙ্গু রোগী ভর্তি হননি।

​প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় চিকিৎসাসেবা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪ জন রোগী এবং উন্নত চিকিৎসার জন্য ২ জনকে রেফার্ড করা হয়েছে। তবে এই সময়ে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এ পর্যন্ত জেলায় ডেঙ্গুতে মারা গেছেন ৩ জন।

​বর্তমানে জেলা হাসপাতালে ভর্তি চিকিৎসাধীন ১৬৪ জনের মধ্যে ৯৯ জন পুরুষ এবং ৬৫ জন নারী। প্রতিদিন নতুন রোগী শনাক্ত হতে থাকায় ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত মশক নিধন ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করার তাগিদ দিচ্ছেন সংশ্লিষ্টরা।

​চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন বলেন, “ডেঙ্গু প্রতিরোধে সর্বস্তরের জনগণের সচেতনতা জরুরি। বাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যেন জমে থাকা পানিতে মশার বংশবিস্তার না ঘটে, সেদিকে কঠোর নজর রাখতে হবে। দিনের বেলায়ও মশারি ব্যবহার ও সতর্ক থাকা প্রয়োজন।”

দৈনিক জাগ্রত সময়
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF