Logo
প্রিন্টের তারিখ: 29 November 2026 | প্রকাশের তারিখ: Nov 29, 2026

সংবাদ শিরোনাম : ১ কোটি টাকার তহবিলের হিসাবের অস্বচ্ছতা ও বিএনপির সঙ্গে সমঝোতার অভিযোগ

১ কোটি টাকার তহবিলের হিসাবের অস্বচ্ছতা ও বিএনপির সঙ্গে সমঝোতার অভিযোগ


​নিজস্ব প্রতিবেদক, শরীয়তপুর:

আর্থিক অস্বচ্ছতা ও রাজনৈতিক অবস্থান পরিবর্তনের সুনির্দিষ্ট অভিযোগে গণঅধিকার পরিষদের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে পদত্যাগ করেছেন দলটির শরীয়তপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খবির হোসেন। রোববার (২৫ অক্টোবর) বিকেলে শরীয়তপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই পদত্যাগের ঘোষণা দেন।

​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে খবির হোসেন অভিযোগ করেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণাসহ নানা কার্যক্রম পরিচালনার জন্য দলের সভাপতি নুরুল হক নূর নেতাকর্মীদের কাছে অর্থ সহায়তা চান। তাঁর আহ্বানে সাড়া দিয়ে প্রায় ১০০ জন নেতাকর্মী ১ লাখ টাকা করে মোট ১ কোটি টাকা জমা দেন। কিন্তু এই বিপুল পরিমাণ অর্থ কোথায় এবং কীভাবে ব্যয় করা হয়েছে, কেন্দ্রীয় নেতৃত্ব তার কোনো সুনির্দিষ্ট হিসাব দিতে পারেনি।

​তহবিলের অনিয়মের পাশাপাশি দলের কৌশলগত অবস্থান পরিবর্তন নিয়েও তীব্র অসন্তোষ প্রকাশ করেন তিনি। খবির হোসেন বলেন, "শুরুতে গণঅধিকার পরিষদের ৩০০ আসনে এককভাবে নির্বাচন করার কথা থাকলেও পরবর্তীতে বিএনপির সঙ্গে সমঝোতা করে একটিমাত্র আসনে নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়া হয়, যা দলের আদর্শের সঙ্গে চরম বৈপরীত্য।"

​দলের অভ্যন্তরে দুর্নীতি ও ব্যক্তিস্বার্থকে প্রাধান্য দেওয়ার অভিযোগ তুলে তিনি ২০২৬ সালের ২৫ অক্টোবর থেকে দলের সঙ্গে সব ধরনের রাজনৈতিক ও সাংগঠনিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন। এ বিষয়ে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

দৈনিক জাগ্রত সময়
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF