বিশেষ প্রতিনিধি, শরীয়তপুর:
শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় জেলা শহরের কাছাকাছি সুবিধাজনক স্থানে বাস্তবায়নের দাবিতে আগামী ২৮ অক্টোবর (বুধবার) মানববন্ধন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। শরীয়তপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু মাদবর এই কর্মসূচির আহ্বান জানান।
ঘোষণা অনুযায়ী, বুধবার সকাল ১০টায় শরীয়তপুর সদর উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হবে।
আয়োজক সূত্রে জানা যায়, শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয়টি জেলার সর্বোচ্চ বিদ্যাপিঠ হিসেবে গড়ে উঠবে, যেখানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য আসবেন। তাই বিশ্ববিদ্যালয়টির স্থান নির্ধারণের ক্ষেত্রে সহজ যোগাযোগব্যবস্থা, মানসম্মত আবাসন, চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় নাগরিক সুযোগ-সুবিধাকে প্রাধান্য দেওয়া অত্যন্ত জরুরি।
কর্মসূচির উদ্যোক্তারা জানান, বিশ্ববিদ্যালয়টি যদি জেলা সদরের কাছাকাছি এবং মহাসড়ক সংলগ্ন এলাকায় স্থাপন করা হয়, তবে জেলার সদরসহ প্রতিটি উপজেলা থেকে আসা শিক্ষার্থীদের যাতায়াত সহজ হবে। একই সঙ্গে দেশের দূর-দূরান্ত থেকে আসা শিক্ষার্থীদের জন্যও এটি বেশ সুবিধাজনক হবে।
এ বিষয়ে বিএনপি নেতা মাহবুব মোর্শেদ টিপু মাদবর বলেন, "বিশ্ববিদ্যালয় স্থাপনে পুরো জেলার মানুষের স্বার্থ ও শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করা প্রয়োজন। জেলা সদরের কাছাকাছি স্থান নির্ধারণ করা হলে যাতায়াত ও নাগরিক সুবিধার দিক থেকে সকলেই উপকৃত হবেন।"
যুক্তিসঙ্গত এই দাবির পক্ষে জনমত গড়ে তুলতে তিনি জেলার সর্বস্তরের সাধারণ জনগণকে আগামী বুধবার সকাল ১০টায় সদর উপজেলা পরিষদ চত্বরে উপস্থিত হয়ে মানববন্ধনে অংশ নেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছেন।