ঝিনাইদহ প্রতিনিধি
সরকারি প্রকল্পের অনিয়ম অনুসন্ধানে গিয়ে আটক হওয়া সাংবাদিক অরিত্র কুন্ডুসহ দুই জনকে এক দিনের জন্য জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমোদন দিয়েছেন আদালত। ঝিনাইদহের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গোলাম নবী বুধবার এ আদেশ দেন।
মামলার আসামি পক্ষের আইনজীবী আব্দুল মান্নান জানান, তদন্তকারী কর্মকর্তা ৫ দিনের রিমান্ড আবেদন করলেও আদালত জামিন নামঞ্জুর করে কেবল জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। এ সময় আদালতের নির্দেশে সাংবাদিক অরিত্রর ব্যবহৃত মোবাইলের পাসওয়ার্ড পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
কারাগারে অরিত্রকে ফাঁসির আসামিদের জন্য নির্ধারিত কনডেম সেলে রাখার অভিযোগে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। আইন অনুযায়ী বিচারাধীন কোনো সাধারণ আসামিকে কনডেম সেলে রাখার বিধান না থাকলেও জেলা জেল সুপার মোহাম্মদ হাবীবুর রহমান জানান, অরিত্রর নিজস্ব "নিরাপত্তার স্বার্থেই" তাঁকে আলাদাভাবে কনডেম সেলে রাখা হয়েছে।
ইতোমধ্যে বৃহস্পতিবার অরিত্রর বিরুদ্ধে ১০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে নতুন আরেকটি মামলা করা হয়েছে। স্থানীয় সচেতন মহল ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এ ঘটনাকে পেশাগত দায়িত্বে বাধা সৃষ্টি ও সাংবাদিকদের ওপর রাজনৈতিক-প্রশাসনিক নিপীড়নের স্পষ্ট উদাহরণ বলে দাবি করেছে। সংগঠনের পক্ষ থেকে আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।