Logo
প্রিন্টের তারিখ: 29 November 2026 | প্রকাশের তারিখ: Nov 29, 2026

সংবাদ শিরোনাম : শরীয়তপুর সদর হাসপাতালের সামনে সাবেক স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম, স্বামী গণপিটুনিতে আহত

শরীয়তপুর সদর হাসপাতালের সামনে সাবেক স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম, স্বামী গণপিটুনিতে আহত


​নিজস্ব প্রতিবেদক, শরীয়তপুর:

শরীয়তপুর সদর হাসপাতালের সামনে কল্পনা আক্তার (২৮) নামের এক নারীকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে তাঁর সাবেক স্বামী কালু তালুকদারের বিরুদ্ধে। সোমবার (২ নভেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত কালু তালুকদারকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

​গুরুতর আহত কল্পনা আক্তার শরীয়তপুর পৌরসভার চর পালং এলাকার কাদির তালুকদার ও বিলকিস বেগমের মেয়ে। তাঁকে প্রথমে শরীয়তপুর সদর হাসপাতালে এবং অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

​স্থানীয় সূত্র জানায়, প্রায় ১০ বছর আগে সদর উপজেলার আঙ্গারিয়া গুচ্ছগ্রামের কালু তালুকদারের সঙ্গে কল্পনার বিয়ে হয়। পারিবারিক বিরোধের জেরে প্রায় ছয় মাস আগে তাঁদের বিবাহবিচ্ছেদ ঘটে। তবে বিচ্ছেদের পরও অন্যত্র যাওয়ার ব্যবস্থা না থাকায় সন্তানকে নিয়ে সাবেক স্বামীর বাড়িতেই বসবাস করছিলেন কল্পনা। সম্প্রতি কালু তাঁকে ওই বাড়ি থেকে চলে যাওয়ার জন্য চাপ দিচ্ছিলেন। এরই জেরে সোমবার রাতে হাসপাতালের সামনে কল্পনাকে একা পেয়ে চাপাতি দিয়ে ঘাড়, কোমর ও পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি কোপান কালু।

​আহত কল্পনার বড় বোন নার্গিস বেগম জানান, ডিভোর্সের পরও কালু পুনরায় সংসার করার জন্য চাপ দিয়ে আসছিল। রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে সে এই নৃশংস হামলা চালায়।

​পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, পারিবারিক কলহের জেরে এই হামলা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করেছে। ভুক্তভোগীর পরিবারের লিখিত অভিযোগ সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দৈনিক জাগ্রত সময়
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF