উপজেলা প্রতিনিধি:আলী হোসেন
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বান্দরবানের লামা উপজেলায় র্যালি ও আলোচনা সভা করেছে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন। আজ ৮ নভেম্বর (রবিবার) সকালে লামা উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে সকালে উপজেলার প্রধান প্রধান সড়কে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ জনতা অংশ নেন। জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার এবং ফেস্টুন হাতে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে রাজপথ প্রদক্ষিণ করেন। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে এক আলোচনা সভায় মিলিত হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন— লামা উপজেলার সাবেক সভাপতি আব্দুর রব, লামা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম খান, লামা উপজেলার সাবেক আহ্বায়ক মোহাম্মদ সাইফুদ্দিন, লামা পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং লামা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক বশির আহাম্মদ ও লামা উপজেলার সরই ইউনিয়নের সাবেক মেম্বার মোহাম্মদ হালিমসহ উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনাকে ধারণ করে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং বহুদলীয় গণতন্ত্রকে সুসংহত করার আহ্বান জানান। নেতৃবৃন্দ বলেন, ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে দেশ এক চরম সংকট থেকে মুক্ত হয়েছিল। বর্তমান সময়েও সেই বিপ্লবী চেতনাকে বুকে ধারণ করে দেশ গড়ার কাজে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে আলোচনা সভাটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।