শরীয়তপুরে নৈরাজ্য ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বুধবার (১৮ নভেম্বর) বিকেলে জেলা শহরের উত্তর বাজার এলাকা থেকে এই বিক্ষোভ মিছিল বের হয়।
সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহবুব মোর্শেদ টিপুর নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী পুলিশ বক্সের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মো. মাহবুব মোর্শেদ টিপু বলেন, দেশে নৈরাজ্য সৃষ্টি, অগ্নিসংযোগ ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। জনগণের জানমালের নিরাপত্তা এবং দেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও নাশকতার বিরুদ্ধে আমরা সোচ্চার থাকব।
সমাবেশে আরও বক্তব্য দেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন মুন্সি, সাবেক কমিশনার সরদার এ কে এম চান মিয়া এবং সদর উপজেলা যুবদলের সাবেক সভাপতি আকতার হোসেন মাঝি। এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার, মো. রায়হানুল হক ঢালী