শাফায়েত হোসেন, বিশেষ প্রতিনিধি
অনলাইনে আকর্ষণীয় ফ্ল্যাট ভাড়ার বিজ্ঞাপন। আর সেই বিজ্ঞাপনের সূত্র ধরে বাসা দেখতে গিয়ে ভয়ংকর প্রতারণা, নির্যাতন ও লুটপাটের শিকার হওয়ার অভিযোগ তুলেছেন রাজধানীর এক নারী। মোহাম্মদপুরের চন্দ্রিমা ও টালিয়া হাউজিং এলাকায় ঘটে যাওয়া এই ঘটনায় অভিযোগের তীর পার্ল ম্যাথিউ ওরফে পার্থ নামের এক ব্যক্তির দিকে।
ঘটনার সূত্রপাত যেভাবে
ভুক্তভোগী বন্যা আক্তার মায়ার অভিযোগ অনুযায়ী, অনলাইনে ফ্ল্যাট ভাড়ার বিজ্ঞাপন দেখে তিনি ওই বাসায় যান। কিন্তু ফ্ল্যাট দেখানোর আড়ালে তাকে জিম্মি করে অসদাচরণ ও কুপ্রস্তাব দেওয়া হয়। এতে রাজি না হলে তার ওপর চালানো হয় শারীরিক ও মানসিক নির্যাতন। অভিযোগ রয়েছে, সে সময় তার কাছে থাকা স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়া হয়। গত ১৯ নভেম্বর দুপুরে টালিয়া হাউজিং এলাকায় বিষয়টি নিয়ে চরম উত্তেজনা সৃষ্টি হলে তাকে ও তার স্বামীকে মিথ্যা মামলায় ফাঁসানোসহ প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
রহস্যঘেরা সেই ফ্ল্যাট: উঠছে নানা প্রশ্ন
ভুক্তভোগী নারীর দাবি শুধু নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাতেই সীমাবদ্ধ নয়। তার ভাষ্যমতে, ওই ফ্ল্যাটে নিয়মিত বিভিন্ন নারীকে প্রলোভন দেখিয়ে আনা হতো। ফ্ল্যাটটিকে আড়ালে কোনো 'টর্চার সেল' বা ব্ল্যাকমেইলিংয়ের কেন্দ্র হিসেবে ব্যবহার করা হতো কি না, তা নিয়ে স্থানীয় সচেতন মহলেও জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। তবে বিষয়টি এখনো তদন্তসাপেক্ষ এবং এর সপক্ষে কোনো দালিলিক প্রমাণ এখনো মেলেনি।
তদন্তের দীর্ঘসূত্রতা ও ভুক্তভোগীর আর্তি
ঘটনার পরপরই মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন বন্যা আক্তার মায়া। তবে অভিযোগ দায়েরের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও পুলিশের পক্ষ থেকে দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকায় হতাশা প্রকাশ করেছেন তিনি।
ভুক্তভোগী নারী বলেন, "আমি চাই না আমার মতো আর কোনো নারী এমন প্রতারণার ফাঁদে পড়ুক। থানায় অভিযোগ দিয়েও আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমার দাবি, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন করে দোষীদের মুখোশ উন্মোচন করা হোক।"
জনবহুল আবাসিক এলাকায় অনলাইন বিজ্ঞাপনের আড়ালে এমন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগের সত্যতা যাচাইয়ে আইনশৃঙ্খলা বাহিনীর জোরালো ও নিরপেক্ষ তদন্ত এখন সময়ের দাবি।