Logo
প্রিন্টের তারিখ: 29 November 2026 | প্রকাশের তারিখ: Nov 29, 2026

সংবাদ শিরোনাম : রাজধানীজুড়ে ডিএমপির অভিযান: ককটেল-পেট্রোল ও মাদকসহ গ্রেফতার ২৯৯

রাজধানীজুড়ে ডিএমপির অভিযান: ককটেল-পেট্রোল ও মাদকসহ গ্রেফতার ২৯৯


​নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও বিস্ফোরকসদৃশ আলামতসহ ২৯৯ জনকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় এসব ঘটনায় ৩২টি মামলা রুজু করা হয়েছে।

​শনিবার (২১ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

​পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (২০ নভেম্বর) দিনভর ও রাতব্যাপী রাজধানীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চারটি অবিস্ফোরিত ককটেল এবং চারটি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে। নাশকতার সম্ভাব্য উপকরণ হিসেবে চার বোতল তরল পেট্রোল, দুটি পেট্রোলভর্তি পলিথিনের গোলা ও একটি গ্যাসলাইট জব্দ করা হয়।

​পাশাপাশি মাদকবিরোধী অভিযানে ২৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া অভিযানে ছয়টি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

​ডিএমপির তথ্য অনুযায়ী, অভিযানে মিরপুর বিভাগ থেকে ৭৩ জন, তেজগাঁও থেকে ৪৮ জন, উত্তরা থেকে ৪৭ জন, ওয়ারী থেকে ৩৭ জন, মতিঝিল থেকে ২৬ জন, রমনা থেকে ২৩ জন, লালবাগ থেকে ১৯ জন এবং গুলশান বিভাগ থেকে ১৮ জনকে গ্রেফতার করা হয়। গোয়েন্দা বিভাগ ও এসআরইউ বিভাগ গ্রেফতার করেছে আরও চারজন করে মোট আটজনকে।

​অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দৈনিক জাগ্রত সময়
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF