Logo
প্রিন্টের তারিখ: 29 November 2026 | প্রকাশের তারিখ: Nov 29, 2026

সংবাদ শিরোনাম : কোনাপাড়ায় ঝুঁকিপূর্ণ বহুতল ভবন: জননিরাপত্তার প্রশ্নে রাজউকের পদক্ষেপের অপেক্ষা

কোনাপাড়ায় ঝুঁকিপূর্ণ বহুতল ভবন: জননিরাপত্তার প্রশ্নে রাজউকের পদক্ষেপের অপেক্ষা


নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর আওতাধীন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৪ নম্বর ওয়ার্ডের (সাবেক মাতুয়াইল ইউনিয়ন) কোনাপাড়া শাহজালাল রোড এলাকার একটি সাততলা ভবনসহ সংশ্লিষ্ট ব্যক্তির একাধিক বহুতল স্থাপনার বিষয়ে ধারাবাহিক অনুসন্ধান চলমান রয়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তির তথ্য অনুযায়ী, ২০২১ সালে ভবনটির নির্মাণকাজ সম্পন্ন হয়।

এখানেই প্রশ্ন থেকে যায়, ২০২১ সালে কি ডেমরার কোনাপাড়া এলাকায় রাজউকের উন্নয়ন নিয়ন্ত্রণ কার্যক্রম চলমান ছিল না? এলাকাটি কি তখন রাজউকের অধিক্ষেত্রের বাইরে ছিল?

অনুসন্ধানে ভবন নির্মাণের বৈধ অনুমোদনসংক্রান্ত নথিপত্রের বিষয়ে জানতে চাওয়া হলে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ২ নং নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজী মোহাম্মদ হোসেন রানা প্রথমে নথিপত্র দেখাবেন বলে জানান।

পরবর্তীতে তিনি সে অবস্থান থেকে সরে আসেন।

এরপর তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সার্টিফিকেটের মাধ্যমে সাততলা ভবন নির্মাণের বৈধতা দাবি করেন।

গণমাধ্যমকর্মীদের প্রশ্নের মুখে সংবাদমাধ্যমকে উদ্দেশ্য করে তিনি বলেন, নথিপত্র দেখানোর প্রয়োজন নেই।

একই সঙ্গে সংবাদমাধ্যমকে উদ্দেশ্য করে তিনি বলেন, এরকম একশোটি বহুতল ভবন তিনি তৈরি করেছেন এবং তার সঙ্গে কথা বলে পারা যাবে না।

তিনি আরও বলেন, ভবন তৈরি করতে হলে সেরকম যোগাযোগ বা প্রভাব না থাকলেই নয়।

সংবাদমাধ্যমকে উদ্দেশ্য করে তিনি বলেন, তিনি আইন বহির্ভূত নন, তিনি আইনের মধ্যেই আছেন।

রাজউকের পক্ষ থেকে কোনো বাধা না পাওয়ার যুক্তি তুলে ধরে সংবাদমাধ্যমকে উদ্দেশ্য করে তিনি বলেন, রাজউক আমাকে কিছুই বলে না, আপনি বলার কে।

তবে এ বিষয়ে তাঁর বিস্তারিত বক্তব্য ও সংশ্লিষ্ট নথিপত্র যাচাই করা ছাড়া তাঁকে দোষী হিসেবে চিহ্নিত করা যাবে না।

এখানে মূল প্রশ্নটি ব্যক্তিগত তর্ক বা তোয়াক্কা করা না করার নয়। মূল প্রশ্নটি হলো, জননিরাপত্তার স্বার্থে একজন সংবাদকর্মী হিসেবে বহুতল ভবনের বৈধতা নিয়ে প্রশ্ন করার কতটুকু অধিকার রয়েছে।

একটি ঝুঁকিপূর্ণ বহুতল ভবন শুধু মালিকের বিষয় নয়। সেখানে বসবাসকারী পরিবার, পাশের বাড়ির বাসিন্দা এবং পুরো এলাকার মানুষের জীবন ও নিরাপত্তা জড়িত। তাই ভবনটি অনুমোদিত নকশায় তৈরি হয়েছে কি না, কাঠামোগত নিরাপত্তা মানা হয়েছে কি না, অগ্নিনিরাপত্তার ব্যবস্থা আছে কি না, এসব জানার অধিকার জনগণের রয়েছে।

এই অধিকারের জায়গা থেকেই সংবাদমাধ্যম নথিপত্র দেখতে চেয়েছে। জনস্বার্থে, জননিরাপত্তার স্বার্থে এই নিউজটি করা হচ্ছে।

এখানেই আমাদের জানার প্রশ্ন রয়ে যায় রাজউকের কাছে, শুধুমাত্র ইউনিয়ন পরিষদের সনদে সাততলা ভবন তৈরির কতটুকু এখতিয়ার থাকে?

প্রচলিত আইন ও নগর উন্নয়ন বিধিমালার আলোকে দেখা যায়, ইমারত নির্মাণ আইন, ১৯৫২-এর ৩(১) ধারা অনুযায়ী রাজউকের অধিক্ষেত্রে অথরাইজড অফিসারের লিখিত পূর্বানুমোদন ব্যতীত কোনো ইমারত নির্মাণ আইনত নিষিদ্ধ।

এছাড়া ৩বি (3B) ধারা অনুযায়ী অনুমোদনহীন বা নকশাবহির্ভূত স্থাপনা অপসারণের ক্ষমতা কর্তৃপক্ষের রয়েছে।

ঢাকা মহানগর ইমারত বিধিমালা ও বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (BNBC) অনুযায়ী বহুতল ভবনের ক্ষেত্রে অনুমোদিত নকশা, জমির আয়তন অনুযায়ী ফার (FAR), বাধ্যতামূলক উন্মুক্ত স্থান (Setback), সামনের রাস্তার প্রস্থ এবং কাঠামোগত ও অগ্নিনিরাপত্তা মানদণ্ড অনুসরণ বাধ্যতামূলক।

ভিন্ন কোনো প্রশাসনিক অঞ্চলের ইউনিয়ন পরিষদের সনদের মাধ্যমে রাজউকের আওতাধীন এলাকায় সাততলা ভবন নির্মাণের বৈধতা প্রতিষ্ঠার কোনো আইনগত সুযোগ রয়েছে কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যাচাই সাপেক্ষ বিষয়।

যেহেতু অভিযুক্ত ব্যক্তির মালিকানাধীন একাধিক বাড়ি বা বহুতল স্থাপনার বিষয় সামনে এসেছে, তাই বিষয়টির সার্বিক বাস্তবতা খতিয়ে দেখা জরুরি বলে মনে করছেন স্থানীয় বাসিন্দা ও সচেতন মহল।

স্থানীয়দের প্রত্যাশা, জননিরাপত্তা ও আইনের শাসন সমুন্নত রাখতে রাজউকের সংশ্লিষ্ট শাখা নথি যাচাই ও সরেজমিন পরিদর্শনের মাধ্যমে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করবে।

এ বিষয়ে রাজউক কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা যথাযথ গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে। একইভাবে সংশ্লিষ্ট ব্যক্তির পক্ষে কোনো বৈধ নথি বা ব্যাখ্যা থাকলে তাও প্রকাশ করা হবে।

ভবনের অথেনটিক কাগজপত্র দেখতে চাওয়ার বিষয়টি নিয়েই অনুসন্ধান চলমান রয়েছে।

পরবর্তী পর্ব দেখতে চোখ রাখুন।

(চলবে...)
দৈনিক জাগ্রত সময়
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF