স্টাফ রিপোর্টার: মো: রায়হানুল হক ঢালী
নির্ধারিত সরকারি ফি দিয়ে নামজারি, পর্চা ও খাজনার মতো মৌলিক ভূমি সেবা পাওয়ার কথা থাকলেও শরীয়তপুরের বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসে ঘুষ ও হয়রানির গুরুতর অভিযোগ উঠেছে। অনুসন্ধানে জেলার অন্তত ১০টি ভূমি অফিসে এমন অনিয়ম ও ঘুষ লেনদেনের চিত্র উঠে এসেছে।
অনুসন্ধানে জানা যায়, সদর উপজেলার ডোমসার ইউনিয়নের ভাসকোরদি এলাকার বাসিন্দা জাহাঙ্গীর হাওলাদার একটি গোপন ভিডিও দেখে নিশ্চিত করেন যে, নামজারির চুক্তির বাকি ৪ হাজার টাকা তিনি চিকন্দী ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা চান মোহাম্মদকে দিয়েছেন। ভুক্তভোগীর দাবি, নামজারির নির্ধারিত সরকারি ফি ১ হাজার ১৭০ টাকা হলেও অতিরিক্ত অর্থ ছাড়া কাজ সম্পন্ন করা হয় না। এ বিষয়ে চান মোহাম্মদ লেনদেনের বিষয়টি পুরোপুরি অস্বীকার না করলেও মিউটেশনের বদলে ব্যক্তিগত দেনা-পাওনার হিসাব নিষ্পত্তি হিসেবে বিষয়টি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন।
অন্যদিকে, জাজিরার বড়কান্দি ইউনিয়ন ভূমি অফিসে গোপন ক্যামেরা নিয়ে গেলে সেখানে ভূমি কর্মকর্তা ও দালালের উপস্থিতি দেখা যায় এবং ঘুষ গ্রহণের অভিযোগে কথা কাটাকাটি হয়। পরে গোপন কক্ষে টাকা দিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা হয়েছিল বলে স্বীকার করা হলেও সরাসরি টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করা হয়।
এছাড়া নড়িয়ার ভোজেশ্বর ইউনিয়ন ভূমি অফিসে জমির পর্চা দেওয়ার ক্ষেত্রে ঘুষ লেনদেনের অভিযোগ ওঠে। তবে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোজাম্মেল হক দাবি করেন, তিনি অতিরিক্ত টাকা নেননি; বরং সেবাগ্রহীতারা স্বেচ্ছায় বা কম টাকা দিয়েছেন এবং অনেক ক্ষেত্রে বিনা টাকায়ও পর্চা দেওয়া হয়েছে।
জেলার আরও কয়েকটি ভূমি অফিসে নামজারি, পর্চা ও খাজনা পরিশোধের প্রতিটি ধাপে টাকা দাবি করার অভিযোগ করেছেন ভুক্তভোগী সেবাগ্রহীতারা। কারও কারও কাছ থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত দাবি করার এবং ২-৩ মাস ধরে ঘুরেও কাঙ্ক্ষিত সেবা না পাওয়ার অভিযোগ রয়েছে।
এ বিষয়ে শরীয়তপুরের জেলা প্রশাসক (ডিসি) তাহসিনা বেগম জানান, ঘুষ লেনদেনের অভিযোগ ও সংশ্লিষ্ট ভিডিও তাঁদের নজরে এসেছে এবং ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দূরবর্তী কয়েকটি ভূমি অফিসে এমন অনিয়ম দেখা যাওয়ায় বদলি ও বিভাগীয় ব্যবস্থা (ডিপি) চালুর মতো প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। পাশাপাশি সেবাগ্রহীতাদেরও দালালচক্র ও অনিয়মের বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।