Logo
প্রিন্টের তারিখ: 29 November 2026 | প্রকাশের তারিখ: Nov 29, 2026

সংবাদ শিরোনাম : ‘হেরোইন সম্রাট’ চাপা আরিফের নেটওয়ার্কে হানা: পাবনা হাউজ গলি থেকে ৪ সহযোগী আটক

‘হেরোইন সম্রাট’ চাপা আরিফের নেটওয়ার্কে হানা: পাবনা হাউজ গলি থেকে ৪ সহযোগী আটক

​

​নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

রাজধানীর মোহাম্মদপুরের আলোচিত ও কথিত ‘হেরোইন সম্রাট’ হিসেবে পরিচিত ‘চাপা আরিফ’-এর মাদক সিন্ডিকেটে বড় ধরনের ধাক্কা দিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গোপন অভিযানে আরিফের চার সহযোগীকে অস্ত্র ও মাদকসহ গ্রেফতার করা হয়েছে।

​গ্রেফতারকৃত চার সহযোগী হলেন- মোহাম্মদ হাবিবুল ইসলাম রানা (৩২), মো. নাইম কাজী (৩২), মো. সাইদুর ইসলাম রাব্বী (৩০) এবং মো. তানজীন খান জিসান (৩২)।

​রোববার (২২ নভেম্বর) দুপুরে এসআরবি-২ এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস অভিযানের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

​অভিযানের বিবরণ দিয়ে এসআরবি জানায়, শনিবার (২১ নভেম্বর) ভোররাতে মোহাম্মদপুরের পাবনা হাউজ গলিতে মাদক কারবারিদের অবস্থানের গোপন খবর পায় এসআরবি-২। সেই তথ্যের ভিত্তিতে দ্রুত সেখানে অভিযান চালানো হয় এবং মাদক কেনাবেচার প্রস্তুতিকালে চারজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

​উপ-পরিচালক মেজর এম মুবীন রহমান তাপস জানান, গোপন তথ্যের ভিত্তিতে পাবনা হাউজগলি এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রির সাথে জড়িত এই চারজনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে গ্রেফতারকৃতদের মধ্যে রানা ও নাইমের বিরুদ্ধে দুটি মামলার তথ্য পাওয়া গেছে।

​সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, মোহাম্মদপুর এলাকায় মাদক সাম্রাজ্য সচল রাখতে চাপা আরিফের এই সহযোগীরা সক্রিয় ছিল। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ ও সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।

দৈনিক জাগ্রত সময়
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF