ঢাকা: হাতিরঝিলের বাগিচারটেক এলাকায় একটি রিকশার গ্যারেজে ঢুকে ‘টোকাই সুজন গ্রুপ’-এর সদস্যরা হামলা চালিয়ে একজনকে গুলি ও আরেকজনকে ছুরিকাঘাত করেছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (২৩ নভেম্বর) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
আহত অটোরিকশাচালক শরীফকে হাসপাতালে নিয়ে আসা সুমন জানান, হাসনাইন, হাসিব ও নূরুসহ ৩-৪ জন গ্যারেজে গিয়ে হামলা চালায়। হামলাকারীরা শরীফকে ছুরিকাঘাত করে এবং বাবুর বুকের বাম পাশে ও ডান পায়ে গুলি করে দ্রুত পালিয়ে যায়।
আহত মো. শরীফ (২৮) কুমিল্লার চান্দিনা উপজেলার কুটুমপুকুর এলাকার বেলাল হোসেনের ছেলে; তিনি ঘটনাস্থল সংলগ্ন এলাকায় বসবাস করতেন। অন্যদিকে, গুলিবিদ্ধ সানাউল্লাহ গনি বাবু (২৫) বরিশালের গৌরনদী উপজেলার পয়সা বাকাই বাজার এলাকার বারেক শেখের ছেলে। বাবুর খালাতো ভাই মনির হোসেন জানান, দুই মাস আগে কাতার থেকে দেশে ফেরা বাবু আজ ওই গ্যারেজে গেলে হামলার শিকার হন।