প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় দিনব্যাপী এই অভিযান পরিচালিত হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানাগুলোতে মোট ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপি সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে সবচেয়ে বেশি ১১৭ জনকে আটক করেছে মিরপুর বিভাগ। এছাড়া তেজগাঁও বিভাগে ১০০ জন, মতিঝিল বিভাগে ৬৪ জন, ওয়ারী বিভাগে ৬০ জন, লালবাগ বিভাগে ৪৩ জন, উত্তরা বিভাগে ৪২ জন, গুলশান বিভাগে ৪১ জন এবং রমনা বিভাগে ৩০ জনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র, বিস্ফোরক ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে—১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৫ রাউন্ড গুলি, ৫টি অবিস্ফোরিত হাতবোমা ও ৩টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ। এছাড়া দেশীয় অস্ত্রের মধ্যে ৪টি রামদা, ৩টি ছুরি, ১টি দা, ১টি চাপাতি এবং ১ লিটার কাঁচা পেট্রোল জব্দ করা হয়।
পাশাপাশি মাদকবিরোধী অভিযানে ৫২২ পিস ইয়াবা ট্যাবলেট, ৮ বোতল বিদেশি মদ, নগদ ১ হাজার টাকা এবং ১টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।
ডিএমপি জানিয়েছে, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।