Logo
প্রিন্টের তারিখ: 29 November 2026 | প্রকাশের তারিখ: Nov 29, 2026

সংবাদ শিরোনাম : চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা

চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা


​চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

‘ঘরে-বাইরে অনলাইনে, নারীর নিরাপত্তা সবখানে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (২৫ নভেম্বর) দুপুরে জেলায় মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়।

​দুর্বার নেটওয়ার্ক (চাঁপাইনবাবগঞ্জ জেলা) ও নারীপক্ষের যৌথ উদ্যোগে দুপুর ১২টায় শহরের চৌমুহনী সড়ক সংলগ্ন এলাকায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে নামোশংকরবাটী পলাশপুরে অবস্থিত সমতা নারী উন্নয়ন সংস্থার কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​সমতা নারী উন্নয়ন সংস্থার সভানেত্রী এবং দুর্বার নেটওয়ার্ক ও নারীপক্ষের চার জেলার দায়িত্বপ্রাপ্ত সভাপতি মোসা. আকসানা খাতুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার।

​প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার বলেন, নারী নির্যাতন প্রতিরোধ কেবল একটি দিবসের আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ রাখলে চলবে না। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরে নারীর প্রতি সম্মান ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে। বর্তমান সময়ে অনলাইন হয়রানি ও সাইবার বুলিং উদ্বেগজনক হারে বাড়ছে উল্লেখ করে তিনি তা রোধে সামাজিক সচেতনতার পাশাপাশি কঠোর আইনগত পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

​আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. শহিদুল ইসলাম ও নারী উদ্যোক্তা রাশিদা খাতুন শিশির। সভায় উপস্থিত বক্তারা ঘরে-বাইরে ও ভার্চুয়াল জগতে নারীর নিরাপত্তা নিশ্চিতে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

দৈনিক জাগ্রত সময়
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF