স্টাফ রিপোর্টার:
হোটেলের সামনে মুরগি ব্যবসায়ীদের বসা নিয়ে বিরোধের জেরে রাজধানীর ওয়ারীতে এক আবাসিক হোটেলের ম্যানেজারকে কুপিয়ে হত্যা করা হয়েছে। হামলায় হোটেলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও এক কর্মী গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিনগত রাত ২টার দিকে ওয়ারীর জয়কালী মন্দিরের পাশে ‘ওসমানী ইন্টারন্যাশনাল’ আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে।
নিহত ম্যানেজারের নাম নাঈমুর রহমান (২৬)। আহতরা হলেন হোটেলের এমডি আব্দুর রাজ্জাক (৫০) ও কর্মী হাসান (২৬)।
ওয়ারী থানা পুলিশ জানায়, গভীর রাতে দুই ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে হোটেলে ঢুকে নাঈমুরকে এলোপাতাড়ি কোপায়। তাকে বাঁচাতে গিয়ে পিঠে জখম হন এমডি আব্দুর রাজ্জাক এবং পেটে ছুরিকাঘাত হন কর্মী হাসান। পরে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক নাঈমুরকে মৃত ঘোষণা করেন। আহত দুজন বর্তমানে শ্যামলীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ওয়ারী থানার এসআই আল আমিন মিয়া বলেন, হোটেলের সামনে মুরগি ব্যবসায়ীদের বসা নিয়ে বিরোধের জেরে স্থানীয় এক মুরগি ব্যবসায়ী ও তার ছেলে এ হামলা চালিয়েছে বলে প্রাথমিক তদন্তে তথ্য মিলেছে। অভিযুক্তদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।