Logo
প্রিন্টের তারিখ: 29 November 2026 | প্রকাশের তারিখ: Nov 29, 2026

সংবাদ শিরোনাম : মিরপুরে চলন্ত বাসে গানপাউডার ছুড়ে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

মিরপুরে চলন্ত বাসে গানপাউডার ছুড়ে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা


​রাজধানীর ব্যস্ততম এলাকা মিরপুর-১০ নম্বরে ইতিহাস পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিরপুর-১০ গোলচত্বর থেকে মিরপুর-১-গামী সড়কে ফায়ার সার্ভিস কার্যালয়ের বিপরীত পাশে এ ঘটনা ঘটে। সৌভাগ্যবশত এ ঘটনায় বাসের কোনো যাত্রী বা পথচারী হতাহত হননি।

​পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৭টা ৩৮ মিনিটে বাসটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। কার্যালয়ের পাশেই ঘটনা ঘটায় মিরপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে আগুন নির্বাপণ করে। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

​এদিকে, ঘটনার পরপরই বাসটির চালক ও হেলপারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। শনিবার রাতে মিরপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জাহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, “চলন্ত বাসে কেউ যদি গানপাউডার মেরে চলে যায়, তাহলে সবারই জীবনের ঝুঁকি থাকে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।”

​তিনি আরও জানান, নাশকতার এই ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ এবং বিশ্লেষণ করা হচ্ছে।

দৈনিক জাগ্রত সময়
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF