স্টাফ রিপোর্টার মো: রায়হানুল হক ঢালী শরীয়তপুরের জাজিরা উপজেলায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে আওয়ামী লীগের অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইব্রাহিম সিপাহী নামে এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন। এ ছাড়া গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন আরও দুজন।
রোববার ভোরের দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের নাওডোবা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন মিরাজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত ইব্রাহিম সিপাহী শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হাফিজুদ্দিন সিপাহীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোরে পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে আওয়ামী লীগের নেতা-কর্মীরা সড়ক অবরোধ করে মিছিল বের করেন। ওই মিছিলে ইব্রাহিম সিপাহী অংশ নিয়েছিলেন। একপর্যায়ে বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে তাঁদের সংঘর্ষ বাধে। সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন ইব্রাহিম। তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে তাঁর মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে আসা হয়।
এদিকে এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের এক সদস্য জানান, নিষেধ করা সত্ত্বেও ইব্রাহিম দলীয় কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। ভোরে ঘটনাটি ঘটলেও পরিবার সকাল সাতটার দিকে তাঁর গুলিবিদ্ধ হওয়ার ও মৃত্যুর খবর জানতে পারে।
নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন মিরাজ জানান, অবরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে এবং দুজন গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।