নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
বাংলাদেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার রয়েছে উল্লেখ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেছেন, "ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এ দেশে হিন্দু, মুসলমান, খ্রিষ্টান ও বৌদ্ধ—সব ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করেন। সংখ্যালঘু বা সংখ্যাগুরু হিসেবে বিভাজন না করে সবাইকে এ দেশের নাগরিক হিসেবে দেখতে হবে।"
মঙ্গলবার (২০ অক্টোবর) প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে নির্মিত শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের প্রধান ফটক ও সীমানাপ্রাচীর নির্মাণকাজের ফলক উন্মোচনকালে তিনি এসব কথা বলেন।
ঢাকেশ্বরী মন্দিরকে আদি ঢাকার ঐতিহ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক হিসেবে উল্লেখ করে ডিএসসিসি প্রশাসক বলেন, এই মন্দিরের ইতিহাস ও ঐতিহ্য অত্যন্ত প্রাচীন। দেশি-বিদেশি বহু গুরুত্বপূর্ণ ব্যক্তি ও রাষ্ট্রদূতরা নিয়মিত এটি পরিদর্শনে আসেন। ফলে এর পরিবেশ ও অবকাঠামোগত উন্নয়ন বাংলাদেশের ঐতিহ্য ও অসাম্প্রদায়িক চেতনার সুন্দর প্রতিফলন ঘটাবে।
প্রশাসক আরও জানান, প্রধান ফটক ও সীমানাপ্রাচীর নির্মাণের পাশাপাশি মন্দিরের সার্বিক উন্নয়নের জন্য অতিরিক্ত ১৫ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে। এছাড়া শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ডিএসসিসির আওতাধীন ১৬৮টি পূজা মণ্ডপে মোট ১৯ লাখ ৮০ হাজার টাকা অনুদান প্রদান এবং পরিষ্কার-পরিচ্ছন্নতাকর্মীদের বোনাস নিশ্চিত করা হয়েছে।
অনুষ্ঠান শেষে তিনি ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন এবং পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
প্রিন্ট করুন ফটো কার্ডশাহজামাল টাওয়ার, আদর্শবাগ, যাত্রাবাড়ি, ঢাকা ১৩৬২।