শরিফুল ইসলাম, টাঙ্গাইল:
আসন্ন শারদীয় দুর্গোৎসবে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং দর্শনার্থীদের সুরক্ষা নিশ্চিত করতে টাঙ্গাইলে মাঠপর্যায়ে তৎপর রয়েছে জেলা পুলিশ। এরই অংশ হিসেবে আজ এলেঙ্গা থেকে শুরু করে টাঙ্গাইলের উত্তরাঞ্চলের একাধিক থানা এলাকার পূজা মণ্ডপগুলোতে এক বিশেষ নিরাপত্তা পরিদর্শন ও যৌথ মহড়া অনুষ্ঠিত হয়।
টাঙ্গাইল জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রবিউল ইসলামের সার্বিক দিকনির্দেশনা ও উদ্যোগে এই পরিদর্শনের আয়োজন করা হয়। পরিদর্শন চলাকালে পূজা মণ্ডপগুলোর সিকিউরিটি ব্যবস্থা, প্রবেশ ও বের হওয়ার পথ, পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং যেকোনো জরুরি প্রয়োজনে পুলিশের তাৎক্ষণিক প্রতিক্রিয়া বা প্রস্তুতি পর্যালোচনা করা হয়।
মহড়া ও পরিদর্শনের সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) ফৌজিয়া হাবিব খান, কালিহাতী সার্কেলের সহকারী পুলিশ সুপার মনজুরুল ইসলাম, মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপারসহ বিভিন্ন থানার প্রশাসনিক প্রধানরা। মাঠপর্যায়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী, ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোকসেদুর রহমান সাগর এবং ডিবি উত্তর শাখার অফিসার ইনচার্জ উপস্থিত থেকে সরাসরি যৌথ মহড়ায় অংশ নেন।
কর্মকর্তারা মণ্ডপ পরিচালনা পর্ষদের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং ধর্মীয় এ উৎসব যেন কোনো ধরনের বিঘ্ন ছাড়াই উদযাপিত হতে পারে, সেজন্য সর্বাত্মক সহযোগিতার আশ্বাসের পাশাপাশি প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
সংশ্লিষ্টদের মতে, জেলা পুলিশের এই যৌথ মহড়া ও জোরদার টহল কার্যক্রম সনাতন ধর্মাবলম্বীসহ সর্বস্তরের মানুষের মাঝে আস্থা ও স্বস্তি ফিরিয়ে এনেছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন করতে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
প্রিন্ট করুন ফটো কার্ডশাহজামাল টাওয়ার, আদর্শবাগ, যাত্রাবাড়ি, ঢাকা ১৩৬২।