নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
রাজধানীর মোহাম্মদপুরের আলোচিত ও কথিত ‘হেরোইন সম্রাট’ হিসেবে পরিচিত ‘চাপা আরিফ’-এর মাদক সিন্ডিকেটে বড় ধরনের ধাক্কা দিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গোপন অভিযানে আরিফের চার সহযোগীকে অস্ত্র ও মাদকসহ গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত চার সহযোগী হলেন- মোহাম্মদ হাবিবুল ইসলাম রানা (৩২), মো. নাইম কাজী (৩২), মো. সাইদুর ইসলাম রাব্বী (৩০) এবং মো. তানজীন খান জিসান (৩২)।
রোববার (২২ নভেম্বর) দুপুরে এসআরবি-২ এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস অভিযানের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
অভিযানের বিবরণ দিয়ে এসআরবি জানায়, শনিবার (২১ নভেম্বর) ভোররাতে মোহাম্মদপুরের পাবনা হাউজ গলিতে মাদক কারবারিদের অবস্থানের গোপন খবর পায় এসআরবি-২। সেই তথ্যের ভিত্তিতে দ্রুত সেখানে অভিযান চালানো হয় এবং মাদক কেনাবেচার প্রস্তুতিকালে চারজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
উপ-পরিচালক মেজর এম মুবীন রহমান তাপস জানান, গোপন তথ্যের ভিত্তিতে পাবনা হাউজগলি এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রির সাথে জড়িত এই চারজনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে গ্রেফতারকৃতদের মধ্যে রানা ও নাইমের বিরুদ্ধে দুটি মামলার তথ্য পাওয়া গেছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, মোহাম্মদপুর এলাকায় মাদক সাম্রাজ্য সচল রাখতে চাপা আরিফের এই সহযোগীরা সক্রিয় ছিল। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ ও সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।
প্রিন্ট করুন ফটো কার্ডশাহজামাল টাওয়ার, আদর্শবাগ, যাত্রাবাড়ি, ঢাকা ১৩৬২।