নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১৩ কেজি ৯০০ গ্রাম কথিত গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. নজরুল ইসলাম (৫৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) রাত ৮টা ৪০ মিনিটে উপজেলার মুরাদপুর গ্রামে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং নাচোল থানার অফিসার ইনচার্জ সুকোমল চন্দ্র দেবনাথের তত্ত্বাবধানে পুলিশের একটি দল অভিযান চালায়। নাচোল থানার এসআই (নিরস্ত্র) মো. জিয়াউর রহমানের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স মুরাদপুর গ্রামের রফিকুল ইসলাম (৪০)-এর বাড়ির সামনে অভিযান পরিচালনা করেন।
এ সময় মো. নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী সময়ে তার হেফাজত থেকে ১৩ কেজি ৯০০ গ্রাম কথিত গাঁজা উদ্ধার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।
গ্রেপ্তার ব্যক্তি শিবগঞ্জ উপজেলার তারাপুর গ্রামের বাসিন্দা এবং আইনাল হকের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, সীমান্তবর্তী এলাকা হওয়ায় জেলায় মাদক চোরাচালানের প্রবণতা রয়েছে। মাদক নিয়ন্ত্রণে পুলিশ জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কাজ করছে।
মাদকমুক্ত সমাজ গঠনে জনগণের সহযোগিতা প্রয়োজন উল্লেখ করে তিনি মাদকসংক্রান্ত তথ্য পুলিশকে জানানোর আহ্বান জানান। তথ্যদাতার পরিচয় শতভাগ গোপন রাখার আশ্বাসও দেন তিনি।
পুলিশ সুপার বলেন, “আসুন, মাদককে না বলি। সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করুন।”
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রিন্ট করুন ফটো কার্ডশাহজামাল টাওয়ার, আদর্শবাগ, যাত্রাবাড়ি, ঢাকা ১৩৬২।