জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ:
জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিকতা, সততা ও দেশপ্রেমের গুণে গুণান্বিত হয়ে সমৃদ্ধ দেশ গঠনে এগিয়ে আসার আহ্বানের মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হয়েছে নবীনবরণ ও একাডেমিক ফেস্ট’২৬।
শনিবার (২৪ অক্টোবর) সকালে শহীদ সাটু অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নবাবগঞ্জ সরকারি কলেজ ও চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনার্স প্রথম বর্ষ ও একাদশ শ্রেণির শিক্ষার্থীদের স্বাগত জানাতে এই ফেস্টের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম বুলবুল বলেন, মেধা ও নৈতিকতার সমন্বয়েই প্রকৃত মানুষ তৈরি হয়। তরুণ প্রজন্মকে নিজেদের জ্ঞান ও দক্ষতা দেশের কল্যাণে নিয়োজিত করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকসু জিএস এস এম ফরহাদ। বক্তারা নবীনদের শিক্ষাজীবনের এই নতুন অধ্যায়কে সৃজনশীলতা, ইতিবাচক নেতৃত্ব এবং সামাজিক দায়বদ্ধতার সুযোগ হিসেবে কাজে লাগানোর পরামর্শ দেন।
চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার সভাপতি ইউসুফ আল গালিব ও সাধারণ সম্পাদক আব্দুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ জাতীয় আয়োজন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি করবে।
প্রিন্ট করুন ফটো কার্ডশাহজামাল টাওয়ার, আদর্শবাগ, যাত্রাবাড়ি, ঢাকা ১৩৬২।