মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
দেশের ৪,৪২৭ কিলোমিটার সীমান্তের মধ্যে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) উত্তর-পশ্চিম রিজিয়ন, রংপুরের আওতায় রয়েছে ১,৬৬৮.৮৫৪ কিলোমিটার সীমান্ত এলাকা। এই দীর্ঘ সীমান্ত সুরক্ষায় রিজিয়নের ৪টি সেক্টর ও ১৫টি ব্যাটালিয়নের সদস্যরা চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর ২০২৬ পর্যন্ত গত ১০ মাসে চোরাচালানবিরোধী অভিযানে ২২১ কোটি ৪৫ লক্ষ ৪৫ হাজার ১১৩ টাকা মূল্যের বিভিন্ন মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করেছেন। এ সময় চোরাচালানের অভিযোগে ৬১৫ জনকে আটক করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও ভোলাহাট সীমান্তে নিয়মিত চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। এরই ধারাবাহিকতায় গত ২৩ নভেম্বর ২০২৬ রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে উপ-অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল-আসিফের নেতৃত্বে বিজিবি ও পুলিশের একটি যৌথ দল শিবগঞ্জ উপজেলার ধোবড়া গ্রামে অভিযান চালায়। অভিযানে ৮৫ গ্রাম হেরোইন ও ১৯টি ককটেলসহ আমিনুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গত এক বছরে মহানন্দা ব্যাটালিয়ন প্রায় ১৩ কোটি ৮৭ লক্ষ ২৯ হাজার ৯৫৯ টাকা মূল্যের মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করেছে।
মাদক ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার এবং জ্বালানি ও ভোজ্য তেলের অবৈধ মজুদ কিংবা কৃত্রিম সংকট রোধেও সক্রিয়ভাবে কাজ করছে বিজিবি রংপুর রিজিয়ন। সীমান্ত সুরক্ষিত রাখতে স্থানীয় প্রশাসন, অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী, গণমাধ্যমকর্মী এবং সীমান্তবাসীর সম্মিলিত সহযোগিতা কামনা করেছে সংস্থাটি।
প্রিন্ট করুন ফটো কার্ডশাহজামাল টাওয়ার, আদর্শবাগ, যাত্রাবাড়ি, ঢাকা ১৩৬২।