ক্রাইম রিপোর্টার | শরিফুল ইসলাম, টাঙ্গাইল
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার দুজনের মধ্যে মাহমুদুল হাসান নামে একজন নিজেকে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচয় দিয়েছেন। পুলিশ বলছে, তিনি উপজেলা আহত জুলাই যোদ্ধা সমিতির নেতা।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় একটি হোটেলের সামনে অভিযানটি পরিচালনা করা হয়। পরদিন বুধবার গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তার হাছান আলী (৩৭) ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের বাসিন্দা এবং আজাহার আলীর ছেলে। অপর ব্যক্তি মাহমুদুল হাসান (৩৪), একই উপজেলার শালদাইর গ্রামের আব্দুল হকের ছেলে।
ডিবি পুলিশের ভাষ্য অনুযায়ী, তাঁদের কাছ থেকে ১৫০ পিস করে মোট ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা ভূঞাপুরের গাবসারা এলাকা থেকে ইয়াবা নিয়ে এলেঙ্গায় বিক্রির জন্য এসেছিলেন বলে পুলিশকে জানিয়েছেন।
জেলা গোয়েন্দা পুলিশের এসআই রাইজ উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এলেঙ্গা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
জেলা ডিবির ওসি আনোয়ারুল আজিম জানান, এ ঘটনায় মঙ্গলবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং পরদিন প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
তবে গ্রেপ্তার দুজনকে ঘিরে স্থানীয় পর্যায়ে আরও কিছু অভিযোগ রয়েছে। স্থানীয় কয়েকজনের দাবি, ‘জুলাই যোদ্ধা’ পরিচয় ও রাজনৈতিক প্রভাবকে কাজে লাগিয়ে তাঁরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। যদিও এসব অভিযোগের স্বাধীন সত্যতা যাচাই করা যায়নি এবং পুলিশও মামলার বাইরে এ বিষয়ে অতিরিক্ত কোনো তথ্য দেয়নি।
স্থানীয় সূত্রে গ্রেপ্তার দুজনের যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার কথাও জানা গেছে। এ বিষয়ে তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
প্রিন্ট করুন ফটো কার্ডশাহজামাল টাওয়ার, আদর্শবাগ, যাত্রাবাড়ি, ঢাকা ১৩৬২।