মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ১২টি ভারতীয় মোবাইল ফোন জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। জব্দ করা মোবাইল ফোনগুলোর আনুমানিক মূল্য ৩ লাখ টাকা।
বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) সকাল ৯টা ৪০ মিনিটে শাহাবাজপুর ইউনিয়নের শিয়ালমারা গ্রামের পশ্চিমপাড়ায় এ অভিযান পরিচালিত হয়।
৫৯ বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শিয়ালমারা বিওপির একটি বিশেষ টহল দল নায়েক সুশীল চাকমার নেতৃত্বে সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ১৮৭/১০-এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে বিভিন্ন মডেলের ১২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
বিজিবির দাবি, উদ্ধার করা মোবাইল ফোনগুলো ভারতীয় চোরাই পণ্য। তবে অভিযানের সময় এসব ফোনের কোনো মালিক বা বহনকারীকে আটক করা সম্ভব হয়নি। পরিত্যক্ত অবস্থায় মোবাইলগুলো জব্দ করে বিজিবি।
৫৯ বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দ করা মোবাইল ফোনের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ টাকা। এ ঘটনায় জব্দকৃত মালামালের বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, সীমান্ত এলাকায় সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। চোরাচালানবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
তিনি বলেন, সীমান্ত সুরক্ষায় বিজিবি সদস্যরা সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন।
প্রিন্ট করুন ফটো কার্ডশাহজামাল টাওয়ার, আদর্শবাগ, যাত্রাবাড়ি, ঢাকা ১৩৬২।