শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের ভেদরগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানের আওতায় চরভাগা ইউনিয়নে নিবন্ধিত জেলেদের খাদ্য সহায়তার চাল বিতরণে জালিয়াতি ও চাল কম দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তদারকির দায়িত্বে থাকা সরকারি কর্মকর্তার অনুপস্থিতিতে কার্ডহীন ব্যক্তিদের মাঝেও চালের স্লিপ বিতরণের সত্যতা মিলেছে।
জানা যায়, ২২ দিনের ইলিশ শিকার নিষেধাজ্ঞায় চরভাগা ইউনিয়নের ১ হাজার ৬৭৮ জন নিবন্ধিত জেলের বিপরীতে ২৫ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়। তবে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ইউনিয়ন পরিষদে সরেজমিনে অনুসন্ধানে দেখা যায়, জেলে কার্ড না থাকা সত্ত্বেও ৪ নম্বর ওয়ার্ডের আ. রহিম খান (স্লিপ ৬৫৫) ও মরন সরদার (স্লিপ ৭৩০)-কে চালের স্লিপ ইস্যু করা হয়েছে।
স্থানীয় জেলেদের অভিযোগ, ইউনিয়ন পরিষদ কেন্দ্রিক স্বজনপ্রীতির কারণে অনেক প্রকৃত জেলে চাল পাচ্ছেন না। আর যারা পাচ্ছেন, তাঁদেরও নির্ধারিত ২৫ কেজির চেয়ে কম দেওয়া হচ্ছে। চাল বিতরণের সময় সরকারি ট্যাগ অফিসার ভেদরগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. রিপন মিয়া অনুপস্থিত থাকায় তদারকি ব্যবস্থা ভেঙে পড়েছে।
এ বিষয়ে মৎস্য কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল ইমরান জানান, কার্ডহীন কারো চাল পাওয়ার কোনো সুযোগ নেই। অন্যদিকে, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুবকর সিদ্দিক জানিয়েছেন, অভিযোগের সত্যতা পাওয়া গেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিষেধাজ্ঞার সময়ে উপার্জনের পথ বন্ধ থাকা অসহায় জেলেরা দ্রুত এ অনিয়ম বন্ধ করে প্রকৃত জেলেদের মাঝে পূর্ণ বরাদ্দের চাল হস্তান্তরের দাবি জানিয়েছেন।
প্রিন্ট করুন ফটো কার্ডশাহজামাল টাওয়ার, আদর্শবাগ, যাত্রাবাড়ি, ঢাকা ১৩৬২।