মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি পরিত্যক্ত বাড়ি থেকে মো. আজিম (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে শিবগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাগানটুলি এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আজিম বাগানটুলি এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে। স্থানীয় সূত্র জানায়, বুধবার রাতে এশার নামাজের সময় বাড়ি থেকে বের হওয়ার পর আজিম আর ফেরেননি। রাত গভীর হওয়ার পর তার স্ত্রী পপিয়ারা বেগম মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে ফোনটি বন্ধ পাওয়া যায়।
এরপর পরিবারের সদস্যরা আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজ করেন। কিন্তু রাতেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
বৃহস্পতিবার সকালে স্থানীয় যুবক সোহান প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে মজনুর পরিত্যক্ত বাড়ির ভেতরে আজিমকে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। বিষয়টি তিনি দ্রুত আজিমের পরিবারকে জানান। পরে খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
শিবগঞ্জ থানার ইনচার্জ মো. মতিউর রহমান বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রিন্ট করুন ফটো কার্ডশাহজামাল টাওয়ার, আদর্শবাগ, যাত্রাবাড়ি, ঢাকা ১৩৬২।