স্টাফ রিপোর্টার, দৈনিক জাগ্রত সময়
দেশের সব শিশুর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষা ব্যবস্থায় নজরদারি আরও বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি মাদরাসাগুলোকেও মনিটরিংয়ের আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) ঢাকার একটি হোটেলে নারী ও শিশুর অধিকার নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ‘অঙ্গীকার থেকে বাস্তবায়ন: নারী ও শিশুর অধিকার সুরক্ষায় সরকারের ১৮০ দিন’ শীর্ষক সভাটির আয়োজন করে ‘কোয়ালিশন ফর অ্যাডভান্সিং ইকুয়ালিটি অ্যান্ড জাস্টিস’।
প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রতিটি শিশুর জন্য শিক্ষা পাওয়ার সুযোগ সমান হওয়া প্রয়োজন। কোনো শিশু যেন শিক্ষা ব্যবস্থার বাইরে না থাকে এবং শিক্ষার মানে বৈষম্য না থাকে—এমন একটি অন্তর্ভুক্তিমূলক কাঠামো তৈরিতে সরকার কাজ করছে।
তিনি জানান, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণের প্রয়োজন রয়েছে। তাই প্রচলিত সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি মাদরাসাগুলোকেও পর্যবেক্ষণ ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।
নারীর সামাজিক ও রাজনৈতিক ভূমিকা প্রসঙ্গে ববি হাজ্জাজ বলেন, নারীর পরিচয়কে শুধু পারিবারিক সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ করে দেখার সুযোগ নেই। সমাজ ও রাষ্ট্রে নারীর নানা ধরনের সক্ষমতা ও অবদানকে স্বীকৃতি দিতে হবে।
তিনি আরও বলেন, গণতান্ত্রিক রাজনীতিতে কারও শারীরিক শক্তি নয়, বরং যোগ্যতা, জনগণের অংশগ্রহণ এবং মানুষের আস্থাই গুরুত্বপূর্ণ বিষয়।
প্রাথমিক শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিও তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি জানান, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে স্যানিটারি সামগ্রী দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি শিশুদের স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করার জন্যও কার্যক্রম পরিচালনার উদ্যোগ রয়েছে।
সভায় তিনি বলেন, বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য শুধু নীতিগত উদ্যোগ যথেষ্ট নয়; সমাজে সঠিক ও ইতিবাচক চিন্তাধারা বা ন্যারেটিভ প্রতিষ্ঠাও জরুরি।
সূত্র: ‘কোয়ালিশন ফর অ্যাডভান্সিং ইকুয়ালিটি অ্যান্ড জাস্টিস’ আয়োজিত আলোচনা সভা
প্রিন্ট করুন ফটো কার্ডশাহজামাল টাওয়ার, আদর্শবাগ, যাত্রাবাড়ি, ঢাকা ১৩৬২।