বিশেষ প্রতিনিধি, মুকসুদপুর:
গোপালগঞ্জের মুকসুদপুরে কুমার নদে মাছের তীব্র সংকট ও নিষিদ্ধ জালের অবাধ ব্যবহারের কারণে চরম সংকটে পড়েছেন স্থানীয় প্রান্তিক জেলেরা। উপজেলার নতুন বাজার এলাকার কুমার নদে দীর্ঘ ৫২ বছর ধরে মাছ শিকার করে আসা এক প্রবীণ জেলে জানান, নদী থেকে মাছ বিলুপ্ত হওয়ায় ৬ সন্তানের পরিবার নিয়ে তিনি এখন মানবেতর জীবনযাপন করছেন।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগী জেলেদের অভিযোগ, মুকসুদপুর নতুন বাজার থেকে উজানী পর্যন্ত কুমার নদের বিভিন্ন পয়েন্টে রাতের আঁধারে নিষিদ্ধ কারেন্ট জাল এবং ব্যাটারিচালিত আধুনিক সরঞ্জাম ব্যবহার করে অসাধু চক্র মাছ শিকার করছে। এর ফলে ছোট-বড় সব ধরণের মাছ ধ্বংস হয়ে যাচ্ছে এবং নদীর প্রাকৃতিক জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। এমনকি সকালে নদীতে মাছের পোনা ও ক্ষতিগ্রস্ত মাছ ভেসে থাকতে দেখা যাচ্ছে।
অভিযোগ তুলে প্রবীণ ওই জেলে জানান, আগে নদীতে পর্যাপ্ত মাছ পাওয়া গেলেও বর্তমানে অবৈধ উপায়ে মাছ ধরার কারণে সাধারণ জেলেদের জালে আর মাছ উঠছে না। ফলে দৈনিক আয় অর্ধেকেরও নিচে নেমে এসেছে, যা দিয়ে পরিবারের দৈনন্দিন খরচ চালানো সম্ভব হচ্ছে না।
কুমার নদের মৎস্যসম্পদ রক্ষা এবং দরিদ্র জেলে পরিবারগুলোর টিকে থাকার স্বার্থে দ্রুত সময়ের মধ্যে মৎস্য বিভাগ ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে নিয়মিত মোবাইল কোর্ট ও কঠোর তদারকি অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত জেলেরা ও সুশীল সমাজ।
প্রিন্ট করুন ফটো কার্ডশাহজামাল টাওয়ার, আদর্শবাগ, যাত্রাবাড়ি, ঢাকা ১৩৬২।