গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন ‘তীর’ ও বন বিভাগের যৌথ উদ্যোগে একটি ঈগল পাখি উদ্ধার করা হয়েছে। পরে পাখিটিকে রংপুর সামাজিক বন বিভাগে পাঠানো হয়।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলার পাটোয়া নাকাইহাট এলাকা থেকে ঈগলটি উদ্ধার করা হয়। পরবর্তীতে সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্র, গাইবান্ধার ডেপুটি রেঞ্জার এ.এইচ.এম. শরিফুল ইসলাম মণ্ডলের নির্দেশনায় পাখিটিকে রংপুর সামাজিক বন বিভাগে হস্তান্তরের প্রক্রিয়া হিসেবে সেখানে পাঠানো হয়।
উদ্ধার অভিযানে উপস্থিত ছিলেন ‘তীর’ গাইবান্ধা শাখার সভাপতি মো. মেজবাহুল হক, সাংগঠনিক সম্পাদক নিফাউল ইসলাম, কোষাধ্যক্ষ আরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. রাতুল হাসান অন্তর ও কার্যনির্বাহী সদস্য প্রান্ত বাবু পিয়াস প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন ‘তীর’ গাইবান্ধা সরকারি কলেজ শাখার শিক্ষক উপদেষ্টা অধ্যাপক মো. আব্দুর রশিদ, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মো. মাসুদুর রহমান এবং সহকারী অধ্যাপক মো. কাইয়ুম আজাদ।
পাখি উদ্ধারের বিষয়ে ‘তীর’ গাইবান্ধা শাখার সভাপতি মো. মেজবাহুল হক বলেন, “ঈগল শুধু প্রকৃতির একটি অংশ নয়, এটি জীববৈচিত্র্য রক্ষার গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। পরিবেশের ভারসাম্য রক্ষায় ঈগলের ভূমিকা অপরিসীম। এই পরিবেশের ঝাড়ুদারকে উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করতে পেরে আমরা গর্বিত।”
সংগঠনটির উপদেষ্টা ও গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুর রশিদ বলেন, ঈগল প্রকৃতির অন্যতম গুরুত্বপূর্ণ পাখি; যা মৃত প্রাণী ও বিভিন্ন বর্জ্য খেয়ে পরিবেশকে দূষণমুক্ত রাখতে সহায়তা করে এবং পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে বড় ভূমিকা পালন করে।
উল্লেখ্য, ২০১১ সালের ৪ জুন শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন ‘তীর’-এর যাত্রা শুরু হয় এবং বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ৫ জুন বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাস থেকে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে সংগঠনটি। পরিবেশ সংরক্ষণে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘তীর’ ২০২১ সালে জাতীয় পরিবেশ পদক লাভ করে। আর ২০১৯ সাল থেকে সংগঠনটির গাইবান্ধা সরকারি কলেজ শাখা স্থানীয় পর্যায়ে পরিবেশ, জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণে সক্রিয়ভাবে কাজ করে আসছে।
প্রিন্ট করুন ফটো কার্ডশাহজামাল টাওয়ার, আদর্শবাগ, যাত্রাবাড়ি, ঢাকা ১৩৬২।