অনলাইন ডেস্ক:
রাজধানীর তুরাগ থানা এলাকায় অভিযান চালিয়ে নারীদের ব্যবহার করে বিত্তবান ব্যবসায়ীদের জিম্মি ও ব্ল্যাকমেইল করা একটি সংঘবদ্ধ চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (২৫ অক্টোবর) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবির প্রধান ও অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।
ডিবি প্রধান বলেন, চক্রটি অত্যন্ত সুপরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে সুন্দরী নারীর ভুয়া প্রোফাইল খুলে মধ্যবয়সি ও বয়স্ক বিত্তবান ব্যবসায়ীদের টার্গেট করত। চটকদার ফোনালাপ ও প্রেমের অভিনয়ের মাধ্যমে তাদের বিশ্বাস অর্জন করে নির্জন বাসা বা হোটেলের কক্ষে আমন্ত্রণ জানানো হতো। ফাঁদে পা দিয়ে ভুক্তভোগীরা ঘরে প্রবেশের সঙ্গে সঙ্গেই ওত পেতে থাকা চক্রের অন্য সদস্যরা তাদের ওপর চড়াও হতো এবং মারধর করে জিম্মি করে ফেলত।
পরে ভয়ভীতি দেখিয়ে ভুক্তভোগীদের আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করত চক্রের সদস্যরা। সেই দৃশ্য ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার বা পরিবারের কাছে ফাঁস করার হুমকি দিয়ে হাতিয়ে নেওয়া হতো লাখ লাখ টাকা। শুধু তাই নয়, একবার মুক্তিপণ আদায়ের পরও চক্রটি থামত না; ভুক্তভোগীদের ব্ল্যাকমেইল চক্রের নিয়মিত জাঁতাকলে পিষে দফায় দফায় টাকা আদায় করা হতো।
গোয়েন্দা পুলিশ জানায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে বাঁচতে চক্রটি নিয়মিত নিজেদের গোপন আস্তানা ও বাসা পরিবর্তন করত। এছাড়া সম্পূর্ণ ভুয়া পরিচয়ে নিবন্ধিত সিম এবং ফেইক ফেসবুক আইডি ব্যবহার করে তারা অপরাধ কার্যক্রম পরিচালনা করত।
অভিযান চালিয়ে চক্রের হেফাজত থেকে ৫টি মোবাইল ফোন, ৩টি স্বাক্ষর করা বা ফাঁকা চেক এবং কিছু অবৈধ সেক্সটয় উদ্ধার করা হয়েছে। এ চক্রের সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, সে বিষয়েও তদন্ত চলছে।
প্রিন্ট করুন ফটো কার্ডশাহজামাল টাওয়ার, আদর্শবাগ, যাত্রাবাড়ি, ঢাকা ১৩৬২।