স্টাফ রিপোর্টার
কিশোর গ্যাং, বখাটেপনা ও অপরাধপ্রবণ কর্মকাণ্ড ঠেকাতে কুমিল্লার ১৮টি থানায় একযোগে বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ। বুধবার সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে জেলার বিভিন্ন এলাকা থেকে ৬২৪ জনকে আটক করা হয়েছে।
পুলিশের ভাষ্য, সাম্প্রতিক সময়ে জেলার বিভিন্ন এলাকায় উঠতি বয়সী কিশোরদের অপরাধে জড়িয়ে পড়ার প্রবণতা নিয়ে তথ্য পাওয়া যাচ্ছে। কোথাও দলবদ্ধ আড্ডা, কোথাও বখাটেপনা ও মারামারিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে কিশোরদের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে।
পরিস্থিতি বিবেচনায় জেলার অপরাধপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে একই সময়ে অভিযান পরিচালনার উদ্যোগ নেয় কুমিল্লা জেলা পুলিশ। পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় বুধবার সন্ধ্যায় জেলার ১৮টি থানায় অভিযান শুরু হয়।
অভিযানকালে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকা ছাড়াও সংশ্লিষ্ট থানাগুলোর গুরুত্বপূর্ণ পয়েন্ট, কিশোরদের আড্ডাস্থল এবং অপরাধপ্রবণ এলাকায় তল্লাশি চালানো হয়। অভিযানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও মাঠপর্যায়ে উপস্থিত ছিলেন।
জেলা পুলিশ জানায়, অভিযানে মোট ৬২৪ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে সন্দেহভাজন ব্যক্তি এবং বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে এমন ব্যক্তিরাও রয়েছেন। আটক ব্যক্তিদের বিষয়ে তথ্য যাচাই-বাছাই চলছে। পূর্বে কোনো মামলা, অপরাধের সঙ্গে সম্পৃক্ততা বা অন্য কোনো আইনগত বিষয় পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, কিশোর গ্যাং ও বখাটেপনা নিয়ন্ত্রণে অভিযানকে ধারাবাহিক কার্যক্রমের আওতায় রাখা হবে। অপরাধপ্রবণ এলাকাগুলোতে নিয়মিত নজরদারি ও তল্লাশি আরও জোরদার করা হবে।
পুলিশ কর্মকর্তারা মনে করেন, কিশোরদের অপরাধ থেকে দূরে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা গুরুত্বপূর্ণ। স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজের দায়িত্বশীল ব্যক্তিদেরও এ বিষয়ে সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি কিশোরদের মধ্যে অপরাধবিরোধী সামাজিক সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছে পুলিশ।
প্রিন্ট করুন ফটো কার্ডশাহজামাল টাওয়ার, আদর্শবাগ, যাত্রাবাড়ি, ঢাকা ১৩৬২।