জাকির হোসেন,
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি:
বানারীপাড়ায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে উপজেলার সকল সরকারি-বেসরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও পৌর এলাকায় সপ্তাহে একদিন বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বায়েজিদুর রহমান।
সরকারি নির্দেশনার আলোকে শনিবার সাপ্তাহিক ছুটির দিনে উপজেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণ থেকে তিনি নিজ উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে নিজ নিজ অফিসকক্ষ, চারপাশের আঙিনা পরিষ্কার এবং জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করেন।
জানা গেছে, দেশব্যাপী ডেঙ্গুর প্রাদুর্ভাব ও এডিস মশার বংশবৃদ্ধি রোধে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রতি সপ্তাহে একদিন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি কার্যালয় ও আদালত প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানের ভেতরে ও আশপাশে জমে থাকা পানি এবং বর্জ্য অপসারণ করে মশার প্রজননক্ষেত্র ধ্বংস করাই এই উদ্যোগের প্রধান লক্ষ্য।
নির্দেশনা অনুযায়ী, উপজেলার বিভিন্ন স্কুল-কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে নিয়মিত ক্যাম্পাস পরিষ্কার করা হবে। বিশেষ করে ছাদ, বারান্দা, ড্রেন, ফুলের টব ও নির্মাণাধীন ভবনে জমে থাকা পানি দ্রুত অপসারণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
এ বিষয়ে বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বায়েজিদুর রহমান জানান, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় এই পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি সরকারি-বেসরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও পৌর এলাকাকে এই অভিযানের আওতায় আনা হবে।
প্রিন্ট করুন
ফটো কার্ড
এ জাতীয় আরো খবর..