মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে এতিম ও অসহায় পরিবারের পৈতৃক সম্পত্তি দখল এবং এর বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সাংবাদিক এস এম রুবেলকে হত্যার হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তদের আইনের আওতায় আনার দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তীব্র প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় ভুক্তভোগী পরিবার, স্থানীয় সচেতন নাগরিক ও সাংবাদিক সমাজের ব্যানারে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মসজিদপাড়া এলাকার বিভিন্ন অন্যায়ের চিত্র তুলে ধরেন। তারা জানান, একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে এতিম ও অসহায় পরিবারের জমি দখল এবং সম্পদ আত্মসাৎ করে আসছে। ঘটনার প্রতিবাদে আদালতে মামলা দায়ের করা হলে তা তুলে নিতে ভুক্তভোগীদের ওপর চাপ প্রয়োগ এবং বাড়িঘর ভাঙচুর চালানো হয়।
এদিকে এসব অপরাধচিত্র গণমাধ্যমে তুলে ধরায় সাংবাদিক এস এম রুবেলকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন বক্তারা। উক্ত অপরাধের সাথে সরাসরি রাহুল, আসাদুল হক, আবু বাক্কার, নূর মোহাম্মদ, জনি আলী ও আসমাউল হক জড়িত রয়েছেন বলে সমাবেশে দাবি করা হয়।
মানববন্ধন থেকে প্রশাসনের কাছে অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ, সাংবাদিক এস এম রুবেলের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ভুক্তভোগী পরিবারের পৈতৃক সম্পত্তি সুরক্ষায় আইনানুগ পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানানো হয়।
প্রিন্ট করুন ফটো কার্ডশাহজামাল টাওয়ার, আদর্শবাগ, যাত্রাবাড়ি, ঢাকা ১৩৬২।