নিজস্ব প্রতিবেদক
ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) মাত্র এক বছর তিন মাসে দেওয়া হয়েছে প্রায় ২ হাজার ৭৭৭ কোটি টাকার ঠিকাদারি কাজ। অভিযোগ উঠেছে, এ কাজের একটি বড় অংশই পেয়েছেন তৎকালীন সরকারি দল আওয়ামী লীগের প্রভাবশালী নেতার মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো। কেবল পাঁচজন আওয়ামী লীগ নেতার প্রতিষ্ঠানই হাতিয়ে নিয়েছে ৮০৫ কোটি টাকার কাজ।
প্রাপ্ত তথ্যে দেখা যায়, জুলাই অভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া যুবলীগ নেতা আবদুল হাইয়ের মালিকানাধীন প্রতিষ্ঠান একাই পেয়েছে ৩০২ কোটি টাকার কার্যাদেশ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিগত সরকারের আমলে নিয়মকানুনের ব্যত্যয় ঘটিয়ে এবং প্রতিযোগিতামূলক দরপত্র প্রক্রিয়া উপেক্ষা করে নির্দিষ্ট কিছু পছন্দের ঠিকাদারি সংস্থাকে এসব বড় কাজ পাইয়ে দেওয়া হয়। অবকাঠামো উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা এবং রাস্তা নির্মাণের মতো বড় প্রকল্পগুলোর ক্ষেত্রে দলীয় প্রভাব বিস্তার করে এসব কাজ বণ্টন করা হয়েছিল।
নগর বিশেষজ্ঞদের মতে, উন্নয়ন প্রকল্পের নামে দলীয় নেতাকর্মী ও প্রভাবশালী ঠিকাদারদের এভাবে কাজ বণ্টন করার ফলে কাজের গুণগত মান বজায় থাকেনি, একই সঙ্গে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনের পর উদ্ভূত পরিস্থিতিতে এসব বিতর্কিত ঠিকাদারি চুক্তি এবং অনিয়মের পূর্ণাঙ্গ তদন্তের দাবি উঠেছে।
শাহজামাল টাওয়ার, আদর্শবাগ, যাত্রাবাড়ি, ঢাকা ১৩৬২।