বিশেষ সংবাদদাতা:
রাজধানীর উপকণ্ঠ কেরানীগঞ্জে মাদকের বড় একটি চালান নস্যাৎ করে দিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। দক্ষিণ কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে একটি মাইক্রোবাস থেকে ৪৬৩ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে সংস্থাটি, যার আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ টাকা। এ সময় মাদক কারবারে জড়িত আন্তঃজেলা চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) এসআরবি-১০ এর গণমাধ্যম শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সীমান্ত এলাকা থেকে গোপনে মাদকের একটি বড় চালান ঢাকায় প্রবেশ করছে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১২ অক্টোবর রাত ১০টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের দক্ষিণ বাঘাপুর ধলেশ্বরী টোল প্লাজা সংলগ্ন মহাসড়কে কৌশলগত অবস্থান নেয় এসআরবি-১০। সেখানে একটি বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো শুরু হয়। তল্লাশিকালে নির্দিষ্ট মাইক্রোবাসটি আটক করে ভেতর থেকে ৪৬৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন—ঝিনাইদহ জেলার মহেশপুর থানার ডাকাতিয়া গ্রামের রুহুল আমীন (২৬) ও পদ্মপুকুর গ্রামের লিয়াকত (৪৩)। তারা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে মাদক এনে ঢাকার বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।
অভিযানে মাদক বহনকারী মাইক্রোবাসটির পাশাপাশি তাদের হেফাজতে থাকা ২টি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৩১০ টাকা আলামত হিসেবে জব্দ করা হয়েছে। আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে এসআরবি-১০-এর অধিনায়ক (পরিচালক) অতিরিক্ত ডিআইজি মোহা. আসাদুজ্জামান বলেন, "মাদক ও সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে আমাদের অবস্থান 'জিরো টলারেন্স'। সমাজ থেকে মাদক নির্মূলে এই ধরনের ঝটিকা ও বিশেষ অভিযান ভবিষ্যতেও জোরদার থাকবে।" তিনি যেকোনো প্রকার অপরাধের আগাম তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করার জন্য নাগরিকদের অনুরোধ জানান।
প্রিন্ট করুন ফটো কার্ডশাহজামাল টাওয়ার, আদর্শবাগ, যাত্রাবাড়ি, ঢাকা ১৩৬২।