নিজস্ব প্রতিবেদক
দৈনিক জাগ্রত সময় (সারা বাংলাদেশ)
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণ-অভ্যুত্থান-সংক্রান্ত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত নেতার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার কিছুক্ষণ পর সুপ্রিম কোর্ট এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টা ১৮ মিনিটে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও অন্য বিচারপতিদের প্রবেশপথের সামনে এ বিস্ফোরণ ঘটে।
দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা জানান, অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় বা অবস্থান শনাক্ত করা যায়নি।
বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়ার পর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। আদালতের গুরুত্বপূর্ণ প্রবেশপথ ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে। প্রাথমিকভাবে বিস্ফোরণে কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
এর আগে মঙ্গলবার জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সাত নেতার মৃত্যুদণ্ড ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল মামলাটির রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ড পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
মামলার সব আসামিই বর্তমানে পলাতক বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।
মামলাটির যুক্তিতর্ক উপস্থাপন গত ১৮ আগস্ট শেষ হওয়ার পর রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন ট্রাইব্যুনাল। পরে সোমবার (১৪ সেপ্টেম্বর) মঙ্গলবার রায় ঘোষণার দিন নির্ধারণ করা হয়।
মঙ্গলবার রায় ঘোষণার পরপরই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির প্রবেশপথের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় আদালত প্রাঙ্গণে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
ঘটনাটি কীভাবে ঘটেছে, কারা এর সঙ্গে জড়িত এবং বিস্ফোরণের উদ্দেশ্য কী ছিল—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর না থাকলেও গুরুত্বপূর্ণ আদালত প্রাঙ্গণে এমন বিস্ফোরণের ঘটনায় নিরাপত্তা নিয়ে নতুন করে সতর্কতা তৈরি হয়েছে।
প্রিন্ট করুন ফটো কার্ডশাহজামাল টাওয়ার, আদর্শবাগ, যাত্রাবাড়ি, ঢাকা ১৩৬২।