জাকির হোসেন, বানারীপাড়া প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়ায় বিভিন্ন মামলায় মোট ৩ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত এবং ৮৭ লাখ ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. নুরুল ইসলামকে (৪৩) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব-৮ ও র্যাব-৪-এর যৌথ অভিযানে রাজধানীর দারুস সালাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নুরুল ইসলাম বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের মৃত মজিদ গোমস্তার ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, ২০ আগস্ট ২০২৬ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে র্যাব-৮, সদর কোম্পানি, বরিশাল এবং র্যাব-৪, সিপিএসসি, মিরপুর-১-এর একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর দারুস সালাম থানাধীন শাহ আলী মাজার আড়ৎ কমপ্লেক্সের ‘সাতক্ষীরা বাণিজ্যালয়’ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় আড়ৎ নম্বর-৬০ থেকে দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা নুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে বরিশাল জেলার বানারীপাড়া থানায় মোট তিনটি সিআর সাজা পরোয়ানা এবং দুটি সিআর গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। মামলাগুলোর মধ্যে রয়েছে সিআর-১১২/২৩ (সাজা), সিআর-৩৪/২১ (সাজা), সিআর-১৮/১৮ (সাজা), সিআর-১১২/২৩ ও সিআর-১১০/২৪।
এসব মামলায় তার বিরুদ্ধে দণ্ডবিধি ১৮৬০-এর ৪০৬/৪২০ ধারা, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের ১৩৮ ধারা এবং বিএসটিআই আইন, ২০১৮-এর ২১ ধারায় মামলা করা হয়েছিল।
র্যাবের তথ্যমতে, প্রতারণা ও আর্থিক জালিয়াতির এসব মামলায় আদালতে অপরাধ প্রমাণিত হওয়ায় নুরুল ইসলামকে বিভিন্ন মেয়াদে সর্বমোট ৩ বছর ৬ মাসের কারাদণ্ড এবং ৮৭ লাখ ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ১৫ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে।
দণ্ডপ্রাপ্ত হওয়ার পর নুরুল ইসলাম দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। তাকে গ্রেপ্তারের লক্ষ্যে বানারীপাড়া থানা থেকে র্যাব-৮-এর অধিনায়কের কাছে একটি অধিযাচনপত্র পাঠানো হয়।
এর পরিপ্রেক্ষিতে র্যাব-৮ ও র্যাব-৪-এর গোয়েন্দা সদস্যরা যৌথভাবে তথ্য সংগ্রহ ও নজরদারি চালিয়ে রাজধানীর দারুস সালাম এলাকায় তার অবস্থান শনাক্ত করেন। পরে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর নুরুল ইসলামকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ডিএমপি ঢাকার দারুস সালাম থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
প্রিন্ট করুন
ফটো কার্ড
এ জাতীয় আরো খবর..